তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে স্বস্তি! আদালতের নির্দেশে বড় সিদ্ধান্ত, নিযুক্ত স্পেশাল অফিসার

অ্যাকাউন্ট ফ্রিজ ইস্যুতে তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন খরচ চালানোর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছে, দলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য একটি বিশেষ ব্যবস্থা কার্যকর করা হবে।
কী এই নতুন ব্যবস্থা?
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এই পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি চালানোর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে ‘স্পেশাল অফিসার’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আদালত জানিয়েছে:
দলের ২ জন সিগনেটারি অথরিটি ৩টি অ্যাকাউন্টের চেক স্পেশাল অফিসারের কাছে পাঠাবেন।
স্পেশাল অফিসার সেই চেকে কাউন্টার সই করবেন।
এরপরই সংশ্লিষ্ট ব্যাংক সেই চেক এনক্যাশ করতে পারবে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে এবং এর জন্য স্পেশাল অফিসারকে প্রতি মাসে ১,২৫,০০০ টাকা পারিশ্রমিক দিতে হবে।
তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র দলের দৈনন্দিন খরচের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। এর বাইরে অন্য কোনো বড়সড় খরচের অনুমতি স্পেশাল অফিসার দেবেন না।
তদন্তের নথি নিয়ে বিচারপতির প্রশ্ন:
এদিন মামলার শুনানি চলাকালীন পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি পর্যবেক্ষণে বলেন, “অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে পুলিশের পেশ করা তদন্তের নথি দেখে আমি সন্তুষ্ট নই।” আদালত উল্লেখ করে, ৩ জন বিধায়কের বয়ান নেওয়া হয়েছে এবং ৭ জন বিধায়ক অভিযোগ করেছেন। অথচ, ৪ মে-র আগে ওই অভিযোগকারী বিধায়করাই ভোটের খরচ বাবদ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিলেন।
বিচারপতির মতে, অভিযোগকারীরা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করলেও, তৃণমূল কংগ্রেসের আসল মালিকানা কার—সেই বিষয়টি এখনও নির্বাচন কমিশনের বিচারাধীন।
তৃণমূলের অন্দরের এই লড়াই এবং আইনি জট এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা।