‘তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলতে চাই!’ বিজেপির টিকিটে এবার ভোটের ময়দানে অভয়ার মা?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনীতিতে এক অভাবনীয় মোড়। আরজি কর হাসপাতালের সেই নৃশংস ঘটনার পর যে ‘অভয়া’ বা ‘তিলত্তমা’-র জন্য গোটা বিশ্ব বিচার চেয়েছিল, এবার তাঁর মা সরাসরি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হতে চলেছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেই বিজেপির হয়ে লড়াই করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর সাফ কথা, “তৃণমূলকে এবার শাসন ক্ষমতা থেকে সরাতে হবে, ওদের মূল উপড়ে ফেলতে আমি বদ্ধপরিকর।”

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাঁর নাম থাকতে পারে। নির্যাতিতার মা জানিয়েছেন, অনেক আগে থেকেই বিজেপির পক্ষ থেকে তাঁর কাছে প্রস্তাব ছিল, কিন্তু মানসিকভাবে তিনি তখন প্রস্তুত ছিলেন না। তবে এখন মেয়ের সুবিচার এবং রাজ্যের নারী নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই তিনি রাজনীতির আঙিনায় পা রাখছেন। তাঁর অভিযোগ, বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন তদন্তের গতি বারবার রুদ্ধ করার চেষ্টা করেছে।

বিজেপির এই চালকে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পানিহাটি দীর্ঘদিন ধরেই শাসকদলের শক্ত ঘাঁটি। সেখানে জনআবেগকে হাতিয়ার করে আরজি কর-কাণ্ডের ইস্যুটিকে সরাসরি ভোটের ময়দানে নিয়ে আসতে চাইছে পদ্ম শিবির। তবে অভয়ার মায়ের এই রাজনৈতিক পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে চিকিৎসক মহলে। কেউ একে ব্যক্তিগত অধিকার বলে সমর্থন করছেন, আবার আন্দোলনকারীদের একাংশ মনে করছেন যে, এতে অরাজনৈতিক গণ-আন্দোলনের তেজ কিছুটা হলেও কমতে পারে। তবে সব ছাপিয়ে এখন নজর দিল্লির দিকে, দ্বিতীয় দফার তালিকায় তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কি না, সেটাই দেখার।