দক্ষিণ ভারতের চিত্তুর জেলার সেই বিখ্যাত তিরুপতি মন্দির এবার উঠে এল পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে! শুধু মন্দির সদৃশ মণ্ডপ নয়, খোদ দক্ষিণ ভারতের পুরোহিত এবং বাদ্যকারদের উপস্থিতিতে তমলুকে এখন যেন এক টুকরো অন্ধ্রপ্রদেশ। বিশ্বের অন্যতম বিত্তবান দেবতা বেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজির আরাধনায় মেতে উঠেছে গোটা শহর। তমলুকের ১৮ নম্বর ওয়ার্ডের তাম্রলিপ্ত টাউন ক্লাবের এই অভিনব উদ্যোগকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে জেলাজুড়ে।
এ বছর তাম্রলিপ্ত টাউন ক্লাবের এই শ্রী বালাজি পুজো সপ্তম বছরে পদার্পণ করল। পুজোর বিশেষত্ব হল, এখানে স্থানীয় কোনও পুরোহিত নন, বরং সরাসরি অন্ধ্রপ্রদেশ থেকে আসা পুরোহিতরা তাঁদের নিজস্ব বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর কাজ সম্পন্ন করছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর ও সেই বিশেষ সংগীতের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছে তমলুকের আকাশ-বাতাস। দুর্গাপুজো বা কালীপুজোর ভিড়কেও যেন পাল্লা দিচ্ছে এই বালাজি দর্শনের লাইন।
পুজোর অন্যতম উদ্যোক্তা তথা তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর কানাইলাল দাস জানান, “তিরুপতি শ্রী বালাজি দক্ষিণ ভারতের প্রধান দেবতা। আমাদের জেলায় অনেক বড় বড় পুজো হলেও শ্রী বালাজির পুজো সচরাচর দেখা যায় না। শহরবাসীর কথা মাথায় রেখেই আমরা দক্ষিণ ভারত থেকে পুরোহিত ও বাদ্যকারদের নিয়ে এসেছি।” চার দিন ধরে চলা এই উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দক্ষিণ ভারতের মন্ত্রোচ্চারণ আর আধ্যাত্মিক আবহে নতুন বছরের শুরুতেই এক অনন্য অনুভূতির সাক্ষী থাকছেন তমলুকবাসী।