তিন বন্ধুর স্নান, আর ফিরলেন না একজন! খড়্গপুরে পুকুরে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

খড়গপুরে পুকুরে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবক বান্টি পালের মৃতদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সিভিল ডিফেন্স, খড়গপুর নিমপুরা ফাঁড়ি এবং ফায়ার ব্রিগেডের একটি যৌথ দল দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার সকালে নিমপুরা প্রান্তিক পুকুর থেকে তার দেহ উদ্ধার করে।
ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। জানা যায়, কাজ থেকে ফিরে তিনজন বন্ধু মিলে পুকুরে স্নান করতে নামেন, তখনই বান্টি পাল (৩০) নামের ওই যুবক তলিয়ে যান। তার বাড়ি নিমপুরা এলাকাতেই।
বান্টির খোঁজ না মেলায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। রবিবার সন্ধ্যা থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা বোট ও ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করেন, কিন্তু রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে, সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।