তিনদিন পর যমদূত ভূমিধস থেকে মুক্তি! লাচেনে আটকে পড়া ৭০০ পর্যটককে উদ্ধারে নামল সেনা

প্রকৃতির তাণ্ডবে গত তিন দিন ধরে বিভীষিকার প্রহর গুনছিলেন লাচেনে আটকে পড়া প্রায় ৭০০ পর্যটক। ভয়াবহ ভূমিধসের জেরে রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ১৩০টিরও বেশি গাড়ি আটকে পড়েছিল উত্তর সিকিমের এই পাহাড়ি জনপদে। অবশেষে বুধবার সকাল থেকে জেলা প্রশাসন, ভারতীয় সেনাবাহিনী, বিআরও (BRO) এবং স্থানীয় সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায় শুরু হল রুদ্ধশ্বাস উদ্ধার কাজ।

প্রাথমিকভাবে ডংক্যা লা পাস দিয়ে উদ্ধারের চেষ্টা চললেও ভারী তুষারপাত বাধা হয়ে দাঁড়ায়। বিকল্প হিসেবে তারুম অঞ্চলে একটি অস্থায়ী বাঁশের ফুটব্রিজ তৈরি করে পর্যটকদের একে একে নিরাপদ স্থানে সরিয়ে আনা শুরু হয়। মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন নিজে পরিস্থিতি তদারকি করছেন। বর্তমানে সেনাবাহিনীর প্রচেষ্টায় ডংক্যা লা রুট আংশিকভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছে। জিরো পয়েন্ট এবং ইয়ুমথাং হয়ে পর্যটকদের ধাপে ধাপে মঙ্গন ও গ্যাংটকের দিকে পাঠানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে, সমস্ত পর্যটক সুরক্ষিত আছেন এবং আবহাওয়া সহায় থাকলে দ্রুত সকলকে উদ্ধার করা সম্ভব হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy