তারাপীঠে উপচে পড়বে ভিড়! চলতি বছর কবে পড়েছে মহাশক্তির আরাধনার মহাতিথি কৌশিকী অমাবস্যা?

কালীভক্তদের জন্য বছরের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হলো কৌশিকী অমাবস্যা। বিশেষ করে বীরভূম জেলার ঐতিহাসিক তারাপীঠ মন্দিরে এই তিথিতে ভক্তদের ঢল নামে। প্রতিবছর মা তারার দর্শন এবং পুজো দিতে দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত তারাপীঠে সমবেত হন। শুধু মন্দির চত্বরই নয়, বর্তমানে রাজ্যের বহু বাড়িতেও এই বিশেষ তিথিতে নিয়মনিষ্ঠার সঙ্গে কৌশিকী অমাবস্যার পুজো করা হয়। তন্ত্রসাধনা ও শাক্ত ধর্মে এই রাতের গুরুত্ব অপরিসীম।

পঞ্জিকা মতে, ২০২৬ সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু হবে ওই দিন সকাল ১০টা ১১ মিনিটে এবং তা শেষ হবে পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের সময়কে প্রাধান্য দেওয়ায় আগামী ১০ সেপ্টেম্বরই কৌশিকী অমাবস্যার মূল দিন হিসেবে পালিত হবে। এই পবিত্র দিনটিতেই মা তারার বিশেষ পুজো, সাধনা এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

পৌরাণিক বিশ্বাস ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, কৌশিকী অমাবস্যার সঙ্গে বিখ্যাত সাধক বামাখ্যাপা ও মা তারার নিবিড় যোগ রয়েছে। কথিত আছে, তারাপীঠের মহাশ্মশানের পবিত্র শ্বেত শিমূলতলায় বসে সাধনা করার সময়ই সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন এবং মা তারা তাঁকে দর্শন দিয়েছিলেন। এই অলৌকিক বিশ্বাসের কারণেই প্রতিবছর দেশ-বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী তারাপীঠে ছুটে আসেন। অনেকে আবার এই বিশেষ তিথিকে ‘কৌশী অমাবস্যা’ নামেও অভিহিত করে থাকেন, কারণ হিন্দুধর্মে যে কোনো শুভ কাজে ব্যবহৃত ‘কুশ’ এই দিনেই কাটা হয়।

এই বিশেষ রাতে তারাপীঠ মহাশ্মশানের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। দেশর বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ত, অঘোরী এবং তন্ত্রসাধকদের উপস্থিতে মহাশ্মশান এক অন্য মাত্রা লাভ করে। ভক্তদের অগাধ বিশ্বাস, এই বিশেষ তিথিতে মা তারা অত্যন্ত জাগ্রত থাকেন এবং ভক্তদের অন্তরের ডাকে সাড়া দেন। তাই একে মা তারার আবির্ভাব দিবস হিসেবেও পালন করা হয়। তন্ত্রসাধকদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যার এই অন্ধকার রাতে মহাশ্মশানে সাধনা করলে বহু গুণ বেশি ফল লাভ করা সম্ভব।

সামগ্রিকভাবে, কৌশিকী অমাবস্যার এই পবিত্র রাতে মা তারার আরাধনা করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি, অমঙ্গল ও সংকট দূর হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। মহাশ্মশানের এই বিশেষ উৎসবে যোগ দিতে এখন থেকেই তারাপীঠ চত্বরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকেও লক্ষাধিক ভক্তের সমাগম সামাল দিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty