স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরশুরাম’-এ এবার মহাধামাকা! পরশুরাম ও তটিনীর রসায়নের মাঝে এবার ঢুকে পড়ল অতীতের হাড়হিম করা এক রহস্য। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, পুরনো শত্রু বিজিতের মুখোমুখি হতে চলেছে পরশুরাম। নিজের বোন শিবানীর খুনের নেপথ্যে বিজিতের হাত রয়েছে বলে সন্দেহ দানা বেঁধেছে তার মনে।
গল্পের মোড় ঘুরছে তটিনীকে কেন্দ্র করেও। আচমকাই দেখা যায়, মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তটিনীকে গ্রেফতার করা হয়েছে। তবে গল্পের টুইস্ট এখানেই— এই গ্রেফতারি আসলে তটিনীর এক সুপরিকল্পিত চাল। পুলিশি হেফাজত থেকে সরাসরি পরশুরামদের হেড অফিসে পৌঁছে গিয়ে সে নতুন এক গোপন মিশনের কথা জানায়। তটিনী ও পরশুরাম কি মিলে পারবে বিজিতকে উপযুক্ত শাস্তি দিতে?
কুসুমপুরের সেই ভগ্নপ্রায় বাড়িতে পাওয়া ছবির সূত্র ধরে পরশুরাম নিশ্চিত হয়েছে যে শিবানীই তার বোন। কিন্তু স্থানীয় থানায় বোনের চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুনে মেজাজ হারায় সে। শিবানীর মৃত্যুর আসল কারণ এবং তটিনীর সঙ্গে পরশুরামের অতীতের কোনও গোপন যোগ আছে কি না, তা নিয়েই এখন উত্তেজনার পারদ তুঙ্গে দর্শক মহলে। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা অভিনীত এই থ্রিলার ড্রামাটি প্রতিদিন রাত ৮টায় দেখা যাচ্ছে স্টার জলসার পর্দায়।





