বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সূর্যোদয়। প্রায় দুই দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। ঢাকার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ১৩টি বন্ধু দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকার পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে খবর, বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টির মধ্যে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এরপরই প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে তৎপর হয়েছে ঢাকা। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং মালয়েশিয়ার মতো প্রভাবশালী দেশগুলো। তবে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফর নিয়ে এখনও রয়েছে সংশয়। ওইদিন মুম্বইয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক থাকায় ভারতের প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত নাও থাকতে পারেন। সেক্ষেত্রে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শপথে যোগ দিতে পারে বলে খবর।
উল্লেখ্য, গত শুক্রবার এক ফোনালাপে তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদী। ছাত্র আন্দোলনের জেরে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ৫৯.৪৪ শতাংশ ভোটের হারে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ-রাজনীতিতে বিএনপি-র এই প্রত্যাবর্তন ও আন্তর্জাতিক উপস্থিতি এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।