উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরান ও আমেরিকার সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল বাংলার ঘরে। কুয়েত, দুবাই ও তুরস্কের মার্কিন সেনাঘাঁটি ও দূতাবাস লক্ষ্য করে ইরানের মিসাইল ও ড্রোন হামলার জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো। আর এই যুদ্ধের আগুনেই আটকে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার কালনার নিভুজি কলবাড়ির দুই যুবক—মামন শেখ ও সোহেল শেখ।
দীর্ঘ চার বছর ধরে কুয়েতে রাঁধুনির কাজ করছেন ২৮ বছরের মামন। পরিবার সূত্রে খবর, তাঁর কর্মস্থল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। অন্যদিকে, দুবাইয়ের শারজায় সোনার কাজ করা সোহেল ভিডিও কলে জানিয়েছেন, রবিবার রাতে কোনোক্রমে প্রাণ বেঁচেছে তাঁর। বিমানবন্দর বন্ধ থাকায় আপাতত তাঁরা গৃহবন্দি। দুই যুবকের অসহায়ত্বের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছে কালনার পরিবার।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান ৪-৫ সপ্তাহ বা তার বেশি চলতে পারে। এমনকি আরও সেনা নিহতের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সন্তানদের নিরাপদে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছে কালনার ওই দুই পরিবার।