চিনের তিয়ানজিনে অবস্থিত ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে (NSCC) এক নজিরবিহীন সাইবার হানা চালাল হ্যাকাররা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা চিনের একটি সরকারি সুপারকম্পিউটার থেকে ১০ পেটাবাইটেরও বেশি অতি গোপনীয় সামরিক তথ্য হাতিয়ে নিয়েছে। এই বিশাল পরিমাণ তথ্যের মধ্যে রয়েছে মিসাইল টেকনোলজি, অত্যাধুনিক যুদ্ধবিমানের নকশা এবং যুদ্ধের সিমুলেশন সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর গবেষণার ডেটা।
সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি ভিপিএন (VPN) এন্ট্রি পয়েন্ট ব্যবহার করে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে এবং প্রায় ৬ মাস ধরে বটনেটের সাহায্যে ধীরে ধীরে ডেটা সরাতে থাকে। গত ফেব্রুয়ারি মাসে ‘ফ্লেমিংচায়না’ (FlamingChina) নামক একটি টেলিগ্রাম চ্যানেল থেকে এই চুরির কিছু নমুনা প্রকাশ করা হয়। বর্তমানে এই তথ্যগুলি লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে বিক্রির চেষ্টা চালাচ্ছে হ্যাকার গোষ্ঠীটি। যদিও চিন সরকারিভাবে এখনও এই নিয়ে মুখ খোলেনি, তবে ফাঁস হওয়া ডেটার নমুনা পরীক্ষা করে বিশেষজ্ঞরা সেগুলিকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে দাবি করেছেন।





