ভোররাতের নিস্তব্ধতা চিরে হুড়মুড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন মানুষ। রবিবারের ভোরে এক মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের কেন্দ্রবিন্দু।
ভোররাত হওয়ার কারণে অধিকাংশ মানুষই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ বিছানা ও আসবাবপত্র কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শ্রীনগর সহ উপত্যকার বিস্তীর্ণ অংশে এই কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে অনেক মানুষ কনকনে ঠান্ডার মধ্যেই খোলা আকাশের নীচে আশ্রয় নেন। যদিও প্রাথমিক রিপোর্টে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভূবিজ্ঞানীদের মতে, জম্মু ও কাশ্মীরের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ জোন-৪ এর অন্তর্গত, তাই মাঝেমধ্যেই এমন কম্পন অনুভূত হয়। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে স্থানীয় প্রশাসন।





