‘ডেটা সস্তা করে মোদি যুবকদের নেশা ধরিয়েছেন’! রিলস-ফেসবুক থেকে রোজগার কার পকেটে? প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের

বিহার বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে, ততই নির্বাচনী প্রচারের উত্তাপ বাড়ছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ‘ডিজিটাল বিপ্লব’ এবং সস্তা ইন্টারনেট ডেটা দেওয়ার দাবি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার বিহারের পূর্ণিয়ায় দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে গিয়ে এক জনসভায় রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদির নির্বাচনী কৌশলকে নিশানা করেন।

‘রিলস হলো ২১ শতকের নেশা’
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের যুবসমাজকে বলছেন যে তিনি ডেটা সস্তা করে দিয়েছেন, যার ফলে তারা সহজে রিলস বানাতে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম করতে পারছে। এই প্রসঙ্গে রাহুল বিস্ফোরক দাবি করেন:

“রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম আসলে ২১ শতকের নেশা। আপনাদের অন্যত্র মগ্ন করে রাখার হাতিয়ার। আগে মদ্যপানে যা (ক্ষতি) হতো, মাদক সেবনে যা হতো, আজ তা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে হয়। ২৪ ঘণ্টা রিলস দেখে যুবসমাজ, একে অন্যকে পাঠাতে থাকে।”

টাকা যাচ্ছে কার পকেটে?
বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, যুবসমাজ রিলস বানিয়ে মগ্ন থাকলেও তার আর্থিক সুবিধা পাচ্ছে কারা? তিনি সরাসরি আম্বানি ও আদানির দিকে আঙুল তুলে বলেন:

“নরেন্দ্র মোদি আপনাদের কিন্তু এটা বলেননি যে, রিলস বানালে, ভিডিও বানালে, ইনস্টাগ্রামে সেসব দেখলে, সেই পয়সা আপনার পকেটে ঢোকে না। আম্বানি-আদানি, JIO-র পকেটে ঢোকে।”

রাহুল জনতাকে প্রশ্ন করেন, তারা রোজগার চান না ইনস্টাগ্রাম, রোজগার চান না ফেসবুক? তাঁর মতে, মোদি সরকার যুবকদের রোজগার কেড়েছে এবং তাদের শ্রমিক বানিয়ে চিনের যুবকদের রোজগার দিয়েছে, কিন্তু সেই সত্য তিনি বলছেন না।

মোদি কী দাবি করেছিলেন?
প্রসঙ্গত, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার ‘ডিজিটাল ভারত’ গড়ার উপর জোর দিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এনডিএ সরকারের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে দাবি করেছিলেন, একসময় ১ জিবি ডেটার দাম ছিল ২৬৯ টাকা, যা আজ মাত্র ১৫ টাকায় পাওয়া যায়— “এক চাপ চায়ের থেকেও দাম কম। এটাই মোদি সরকারের ডিজিটাল বিপ্লব।” এদিন লোকসভাতেও মোদির ডেটা সস্তা হওয়ার প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী এই আক্রমণ শানালেন।