উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে উত্তরপ্রদেশে বিক্রি হওয়া প্রতিটি ডিমে উৎপাদনের তারিখ (Manufacturing Date) এবং মেয়াদোত্তীর্ণের তারিখ (Expiry Date) স্পষ্টভাবে স্ট্যাম্প করা বাধ্যতামূলক করা হয়েছে। লুজ বা খোলা বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারতে এই ধরনের কড়া পদক্ষেপ এই প্রথম।
পশুসম্পদ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব মুকেশ মেশ্রাম জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষা এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর নিয়ম। সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম পাড়ার ১৪-১৫ দিন পর্যন্ত তা খাওয়ার যোগ্য থাকে। এরপর ‘সালমোনেলা’ জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, যা মারাত্মক ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পুরনো বা পচা ডিম তাজা বলে বাজারে চালিয়ে দেয়। এই জালিয়াতি রুখতেই এখন থেকে পোলট্রি ফার্ম, সাপ্লায়ার এবং খুচরো বিক্রেতাদের প্রতিটি ডিমে ছোট স্ট্যাম্পের মাধ্যমে তারিখ উল্লেখ করতে হবে।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ডিমে তারিখ না থাকলে তা বিক্রি করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে সেই ডিম বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে অথবা ‘মানুষের খাওয়ার অযোগ্য’ লেবেল লাগিয়ে দেওয়া হবে। এই পদক্ষেপে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে বাঁচবেন, তেমনই গ্রামীণ ও শহরতলি এলাকায় পচা ডিমের রমরমা ব্যবসা বন্ধ হবে। উত্তরপ্রদেশ সরকারের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভোক্তা সংগঠনগুলো।