ডিএ-তে ফের বাম্পার সুখবর! এই রাজ্য সরকারে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি, পিছিয়ে থাকল অন্য রাজ্য

দীর্ঘদিন ধরে ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েন চললেও, এবার মিজোরাম সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক দফায় ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল। মুখ্যমন্ত্রী লালদুহোমার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। এর ফলে মিজোরামের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর হার মূল বেতনের ৪০% থেকে বেড়ে ৪৪% হল।
সামনের বছর আরও ডিএ বৃদ্ধি:
সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিপরিষদ ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এমন আরও ২ শতাংশ ডিএ বৃদ্ধি করে মোট ৪৬ শতাংশ করার বিষয়েও সম্মতি জানিয়েছে। এই দফায় ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে সে রাজ্যের সরকারি কর্মীদের একটি বড় অংশ খুশি হলেও, অন্য একটি অংশ এখনও অসন্তুষ্ট।
কেন অসন্তোষ?
অসন্তুষ্ট কর্মীদের বক্তব্য, এই বৃদ্ধি সুখবর হলেও তাঁরা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য ডিএ ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করেছে, যা জুলাই মাস থেকে কার্যকর।
পে কমিশন এবং কেন্দ্রের সুবিধা:
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা পেয়ে থাকেন—একটি জানুয়ারি থেকে জুন এবং অন্যটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এর পাশাপাশি, আগামী বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন আসছে, যার ফলে সরকারি কর্মী ও পেনশনভোগীরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।