দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কি? রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) বা ডিএ মামলা নিয়ে আগামীকাল, ২৭ মে, সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি। গত বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের পর এই প্রথম নতুন বিজেপি সরকার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।
বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। কেন্দ্রীয় কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেলেও রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ। আগের সরকারের বকেয়া ডিএ না মেটানোর দীর্ঘ অভিযোগ রয়েছে। ফলে নতুন সরকারের সওয়ালের ওপরই নির্ভর করছে লক্ষাধিক কর্মীর ভাগ্য।
অন্যদিকে, ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের চারটি প্রধান কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন। সুপ্রিম কোর্টের শুনানির পরেই মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বৈঠক থেকেই বকেয়া ডিএ মেটানোর কোনো বড় ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। আইনি লড়াই এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় এখন রাজ্যজুড়ে প্রবল জল্পনা।





