মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের হাথরসের সাদাবাদ কোতোয়ালি এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাইলস্টোন ১৪১-এর কাছে একটি ডাবল ডেকার বাস দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ মহিলা ও ৩ পুরুষসহ মোট ৬ জনের। আহত হয়েছেন আরও ৬ জন, যাঁদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ইকো-ক্লাস গাড়ি ১৩ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে রাজস্থানের ধোলপুর যাচ্ছিল। পথে দ্রুতগামী স্লিফার বাসের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত শিশুদের আগ্রার এসএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। হাথরসের এসপি চিরঞ্জীব নাথ সিনহা জানিয়েছেন, ঘাতক বাসের চালক, খালাসি ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। বাস মালিকের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।