মধ্যপ্রাচ্যের অস্থিরতার আঁচ এবার এসে পৌঁছাল ভারতীয় রেলের প্যান্ট্রি কারেও। গ্যাসের ঘাটতির আশঙ্কায় রেলমন্ত্রক ও আইআরসিটিসি এবার মেনু বদলে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে। রেল সূত্রে খবর, ট্রেনের প্যান্ট্রি কারগুলিতে রান্নার জন্য এবার গ্যাস সিলিন্ডারের বদলে ইনডাকশন ও মাইক্রোওয়েভ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের পরিবেশন করার জন্য ‘রেডি টু ইট’ বা আগে থেকে তৈরি খাবার দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি ট্রেনের দীর্ঘদিনের প্রিয় মেনু ‘মাছ-মাংস-ভাত’ উধাও হয়ে যাচ্ছে? সাধারণত রেডি টু ইট খাবারে ভাত বা ফ্রেশ রান্নার স্বাদ মেলা ভার, যা নিয়ে রেলের অন্দরমহলেও চর্চা শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে গ্যাসের কোনো সংকট নেই এবং বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি যে ভিন্ন, তা আইআরসিটিসি-র এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ থেকেই স্পষ্ট।
এখন দেখার বিষয়, ইনডাকশন ও মাইক্রোওয়েভ নির্ভর এই নতুন প্রক্রিয়ায় রেলের প্যান্ট্রিগুলি আদৌ যাত্রীদের চাহিদামত গরম ও সুস্বাদু খাবার সরবরাহ করতে পারে কি না। দীর্ঘ দূরত্বের ট্রেনে ভাতের বিকল্প হিসেবে ড্রাই ফুড বা প্রক্রিয়াজাত খাবারের আধিক্য যাত্রীদের স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।