ট্রুকলার-এর দিন শেষ! এবার ফোন এলেই স্ক্রিনে ভেসে উঠবে সিমের আসল মালিকের নাম, জিয়ো-এয়ারটেলের বড় পদক্ষেপ

নতুন বছর পড়ার আগেই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এল টেলিকম সংস্থাগুলি। রিলায়েন্স জিয়ো (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য এখন থেকে কার্যকর হতে শুরু করেছে সিএনএপি বা ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (Calling Name Presentation – CNAP) পরিষেবা।

বর্তমান যুগে ডিজিটাল প্রতারণা এবং অজানা নম্বর থেকে স্প্যাম কলের বাড়বাড়ন্ত রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)। এই পরিষেবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখন আপনার ফোনে কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ফোনের স্ক্রিনেই কলারের নাম ফুটে উঠবে। তবে ট্রুকলারের মতো এখানে নাম বদলানোর সুযোগ নেই; সিম কেনার সময় গ্রাহক যে আধার কার্ড বা কেওয়াইসি (KYC) নথি জমা দিয়েছেন, সেখানে থাকা আসল নামটিই স্ক্রিনে দেখা যাবে।

ট্রুকলারের সঙ্গে পার্থক্য কোথায়? ট্রুকলার একটি থার্ড পার্টি অ্যাপ এবং এটি মূলত ইউজারদের দেওয়া ডেটার ওপর নির্ভর করে। ফলে কেউ চাইলে নিজের ভুল নাম বা অন্য কোনো বিভ্রান্তিকর নাম লিখে রাখতে পারে। কিন্তু সিএনএপি সরাসরি টেলিকম সংস্থার ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করবে, তাই এতে ভুয়ো পরিচয়ের কোনো সুযোগ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গসহ বিহার, রাজস্থান ও উত্তরপ্রদেশের মতো বেশ কিছু সার্কেলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। খুব শীঘ্রই সারা দেশে এবং বিএসএনএল (BSNL) নেটওয়ার্কেও এই পরিষেবা বাধ্যতামূলক করা হবে।