মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় লেনদেনের দিনেই বড়সড় ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া কড়া হুঁশিয়ারির প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। দিনের শুরুতেই সেনসেক্স ৭০০ পয়েন্ট পড়ে যাওয়ার পর, পতনের মাত্রা আরও তীব্র হয়। বর্তমানে ৩০-শেয়ারের বিএসই (BSE) সেনসেক্স ৯৫০ পয়েন্ট কমে ৭৩,১৫০-তে এবং নিফটি-৫০ সূচক ২৮৮ পয়েন্ট কমে ২২,৬৮০-তে অবস্থান করছে। ব্যাঙ্ক নিফটিও ৫৫০ পয়েন্টের বেশি খুইয়ে ধুঁকছে।
মূলত হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ট্রাম্পের চরম সময়সীমা বা ‘ডেডলাইন’ লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই পথ খুলে না দেয়, তবে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে। এই যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়ে ব্যারেল প্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। এশীয় বাজারের একাংশ ইতিবাচক থাকলেও মার্কিন ফিউচার সূচকগুলোতে পতন দেখা গেছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় লগ্নিকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি বাড়িয়েছেন, যার ফলে লাল সংকেতে ভাসছে বাজার।





