গাজা উপত্যকায় শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনা ‘বোর্ড অফ পিস’ বা শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি লিখেছেন ট্রাম্প। তবে ভারত এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জয়সওয়াল জানান, “আমরা আমন্ত্রণ পেয়েছি এবং বর্তমানে প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে।”
ট্রাম্পের এই বিশেষ বোর্ডে যোগ দিতে হলে প্রতিটি সদস্য দেশকে ১ বিলিয়ন ডলার (প্রায় ৮,৩০০ কোটি টাকা) আর্থিক অবদান রাখতে হবে। ভারত যদি এই আমন্ত্রণ গ্রহণ করে, তবে আগামী তিন বছরের জন্য এই বোর্ডের অংশ হবে দিল্লি। এই বোর্ড মূলত গাজার পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে। ইতিমধ্যেই পাকিস্তান এবং বাংলাদেশের ইউনুস সরকার এই বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেও, ইউরোপের বড় কোনো শক্তিকে এখনো এই বোর্ডে দেখা যায়নি। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, গাজায় সমৃদ্ধি ফেরাতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এখন দেখার, মোটা অঙ্কের এই ‘এন্ট্রি ফি’ দিয়ে ট্রাম্পের জোটে ভারত শেষ পর্যন্ত শামিল হয় কি না।