ট্রাফিক ফাইন নিয়ে নতুন প্রতারণার ফাঁদ, লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ইলেকট্রিক বিল বা অনলাইন বুকিং বাতিলের নামে সাইবার প্রতারণার পর এবার নতুন কৌশল নিয়েছে সাইবার অপরাধীরা। ট্রাফিক ফাইন জমা দেওয়ার নামে অভিনব এক প্রতারণার ফাঁদে ফেলে মানুষের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে গ্রাহকের মোবাইলে একটি মেসেজ পাঠানো হচ্ছে, যেখানে লেখা থাকছে ‘ট্রাফিক ভায়োলেশন নোটিস’। সেখানে ট্রাফিক সিগন্যাল ভাঙা বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর মতো কারণ দেখিয়ে একটি জরিমানার কথা বলা হচ্ছে। এই মেসেজের সঙ্গেই দেওয়া হচ্ছে একটি বিপজ্জনক লিঙ্ক।
মেসেজে বলা হচ্ছে, ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ছবি বা ভিডিও দেখতে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। এই ফাঁদেই মানুষ সবচেয়ে বেশি ধরা পড়ছেন। কারণ, সেই অ্যাপ ডাউনলোড করলেই আপনার ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কলকাতা বা বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের নোটিস পাঠানো হলে সেখানে কোনো অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয় না।
যদি ট্রাফিক ফাইন সংক্রান্ত কোনো মেসেজ পান, তাহলে অবশ্যই যাচাই করে নিন। সঠিক নোটিসে সবসময় সরকারি ওয়েবসাইট www.parivahan.gov.in-এর লিঙ্ক দেওয়া থাকে, যেখানে আপনি সরাসরি চালান ডাউনলোড বা জরিমানা জমা দিতে পারবেন। সুতরাং, কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং অ্যাপ ডাউনলোডের কোনো প্রলোভনে পা দেবেন না।