ট্রফি হাতে নেই, তবুও খালি হাতেই চ্যাম্পিয়নের সেলিব্রেশন! নকভিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন ভারতীয় তারকারা

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল। অভিযোগ, বিজয়ী দলের ট্রফি ও মেডেল নিয়ে হোটেলের ঘরে চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) চেয়ারম্যান ও পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। এই অভূতপূর্ব ঘটনায় বিস্ময় আর ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় দল।

কেন ট্রফি নিতে অস্বীকার ভারতের?
ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত থাকায় এবং নকভি পাকিস্তানের একজন মন্ত্রী হওয়ায় ভারত কোনোভাবেই তাঁর হাত থেকে ট্রফি নেবে না। এই অবস্থানে অনড় থাকে বিসিসিআইও (BCCI)।

সূর্যকুমার যাদব ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্রিকেট জীবনে কখনও এমন কিছু দেখিনি। একটা চ্যাম্পিয়ন দলকে ট্রফিই দেওয়া হলো না।” ফলে মাঠে জিতে গিয়েও হাতে ট্রফি না পাওয়ার এক অভূতপূর্ব ঘটনায় সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

ট্রফি নিয়ে পালালেন নকভি, বিসিসিআইয়ের দাবি
খেলা শেষ হওয়ার প্রায় ৭৫ মিনিট পর পুরস্কার বিতরণী শুরু হলেও বিজয়ীর ট্রফি ভারতীয় দলের হাতে ছিল না। সূর্য-জসপ্রীতের দল ট্রফির কল্পনা করেই উল্লাস উদযাপন করে। পরে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ফটোশপ করে পোস্ট করে তিলক বর্মা, অভিষেক শর্মারা এসিসিকে কটাক্ষ করেন।

ভারতীয় বোর্ডের দাবি, সূর্যদের ট্রফি নিতে অনিচ্ছার সুযোগ নিয়ে এসিসি সভাপতি ট্রফি ও মেডেলসহ অনুষ্ঠান ছেড়ে চলে যান। বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়া এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও অপেশাদার আচরণ’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “নীতিগত কারণেই আমরা এমন একজন ব্যক্তির হাত থেকে ট্রফি নিতে পারি না… তবে তার মানে এই নয়, তিনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন।”

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠকে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে এবং এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ তোলা হবে।

বিতর্ক থামছেই না
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও নাটক দেখা যায়। পাকিস্তান দলের রানার-আপ মেডেল গ্রহণের সময়ও বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত এসিসির অন্য এক কর্তা আমিরুল ইসলাম মেডেল বিতরণ করেন। এর মাঝে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা পুরস্কারের চেক মঞ্চেই ছুঁড়ে ফেলে দেন।

এছাড়াও, ভারত-পাক ম্যাচে জাতীয় সংগীতের সময় পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির হাসাহাসি এবং পরবর্তীতে ‘প্লেন ক্র্যাশ’ সেলিব্রেশন নিয়েও বিতর্কের ঝড় ওঠে।

এই চরম বিতর্কের মধ্যেও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর সব ম্যাচের ফি ভারতীয় সেনাকে উৎসর্গ করার কথা ঘোষণা করে দেশবাসীর হৃদয় জয় করেছেন। তিনি বলেন, “এটাই আমার তরফে তাঁদের প্রতি শ্রদ্ধা।”