ট্রফি নিয়ে ‘পলায়ন’ নকভির, এসিসি সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ বিসিসিআই, আইসিসি-তে অভিযোগ জানানোর হুঁশিয়ারি

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা হলেও, ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিল না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এর কারণ, ভারতীয় দল এসিসি প্রেসিডেন্ট তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এই ঘটনার পর বিতর্ক আরও বাড়ে, যখন নকভি ট্রফি ও পদক নিয়ে স্টেডিয়াম ছাড়েন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া নিশ্চিত করেছেন, এশিয়া কাপ ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের পদক নিয়ে মহসিন নকভি হোটেল ছেড়েছেন।
বিসিসিআই সচিবের কড়া হুঁশিয়ারি
ট্রফি না পাওয়ার এই ঘটনায় বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী মাসেই আইসিসি (ICC)-এর বৈঠকে নকভির বিরুদ্ধে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদসংস্থা এএনআই’কে তিনি বলেন:
“পাকিস্তান শীর্ষস্থানীয় নেতা হওয়ায় এসিসি প্রেসিডেন্টের থেকে ট্রফি নেওয়ার বিষয়টি আমরা অস্বীকার করেছি। কিন্তু তার মানে এই নয় ভদ্রলোক ট্রফিটি সঙ্গে নিয়ে যাবেন এবং স্মারকগুলোও। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আশা করছি শীঘ্রই ট্রফি এবং স্মারকগুলো ভারতের হাতে আসবে। আমরা নভেম্বরে আইসিসি বৈঠকে এর প্রতিবাদ জানাব।”
মোদী ও সইকিয়ার ‘অপারেশন সিঁদুর’ বার্তা
ভারতের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’ হ্যান্ডলে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। কিন্তু ফলাফল সেই একই- ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দেবজিৎ সইকিয়ার সংযোজন ছিল আরও তাৎপর্যপূর্ণ: “সীমান্তে আমাদের সশস্ত্র সেনারা যেটা করেছিল দুবাইয়ে যেন সেই একই ঘটনা ঘটল। তাই ভারতীয় ক্রিকেটের জন্য এটা একটা দারুণ মুহূর্ত। এটা শত্রু দেশকে তাঁদের জঘন্য কর্মকাণ্ডের যোগ্য জবাব। এর থেকে কোনো ভালো উত্তর হয় বলে আমার মনে হয় না।”
সূর্যকুমারের ক্ষোভ ও মক সেলিব্রেশন
ভারতীয় দলের পক্ষ থেকে মহসিন নকভির পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিকের থেকে ট্রফি গ্রহণের প্রস্তাব দেওয়া হলেও এসিসি তাতে সাড়া দেয়নি। উল্টে আধিকারিকরা সম্ভবত নকভির নির্দেশে ট্রফি স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যান।
ট্রফি হাতে না পেয়েও ‘মেন ইন ব্লু’ ‘মক সেলিব্রেশন’ (ট্রফি ছাড়া উল্লাস) সারে। তবে এই ঘটনায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:
“যতদিন ক্রিকেট বুঝছি এবং খেলছি এমন ঘটনা কখনও দেখিনি। একজন চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত করা হলো, যেটা ভীষণই পরিশ্রমের ফল। আমার মনে হয় ট্রফিটা আমাদের প্রাপ্য ছিল। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”