‘ট্যাবলেটে জন্মনিয়ন্ত্রক বিষ?’ নন্দীগ্রামে অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে শুভেন্দুর ভয়ঙ্কর আশঙ্কা!

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প ‘সেবাশ্রয়’ নিয়ে এবার কার্যত বারুদে ঠাসা মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির করার বিষয়ে অভিষেকের আগ্রহকে ঘিরে সোমবার চরম বিস্ফোরক দাবি করেছেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, এই স্বাস্থ্য শিবিরগুলোতে ওষুধের নামে আসলে সনাতনী হিন্দুদের জনসংখ্যা কমানোর ষড়যন্ত্র চলছে।
রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নন্দীগ্রামের বাসিন্দাদের থেকে তাঁর কাছে ‘সেবাশ্রয়’ ক্যাম্প করার অজস্র অনুরোধ আসছে। এর পাল্টা জবাবে সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি প্রশ্ন তোলেন, “অনুরোধটা করল কে? শেখ সুফিয়ান নাকি যারা এলাকায় বোমা মেরেছিল তারা?” এরপরই সাধারণ মানুষের উদ্দেশ্যে এক বিতর্কিত সতর্কবার্তা জারি করেন তিনি। শুভেন্দু বলেন, “হিন্দু জনগণকে বলছি, খুব সাবধান! ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ওই ট্যাবলেট খাবেন না। কে জানে ওর মধ্যে জন্ম নিয়ন্ত্রণকারী কোনো ওষুধ মেশানো আছে কি না।”
এখানেই শেষ নয়, স্বাস্থ্য শিবিরের রক্ত পরীক্ষা নিয়েও আতঙ্ক প্রকাশ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর দাবি, শাসকদল চায় বাংলাদেশের মতো নন্দীগ্রামেও হিন্দু জনসংখ্যা কমিয়ে দিতে। সাধারণ মানুষকে তৃণমূলের স্বাস্থ্য শিবিরে রক্ত দিতে বা ইঞ্জেকশন নিতে নিষেধ করে তিনি বলেন, “কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান, আমি ব্যবস্থা করব। কিন্তু এদের কাছে সূঁচ ফোটাবেন না।” শুভেন্দুর মতে, স্রেফ কুড়ি টাকার ওআরএস বা প্যারাসিটামল বিলি করে নন্দীগ্রামের ভোট কেনা যাবে না। ভোটের মুখে স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে দুই শিবিরের এই নজিরবিহীন সংঘাত এখন বঙ্গ রাজনীতির হট টপিক।