টোটো চালকের সাহসে অসাধ্যসাধন, শিশুচক্রের পর্দাফাঁস করে পুলিশের প্রশংসায় রথীকান্ত সাঁতরা

টোটোর বাড়াবাড়ি এবং চালকদের অভদ্র আচরণ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাওড়া শহরে, জনজীবনে যে সমস্যা তৈরি হয়েছে, তার মধ্যেই এক টোটো চালককে বিশেষ সম্মান ও পুরস্কার দিয়েছে হাওড়া জেলা পুলিশ। হাওড়ার আমতার ভোজান গ্রামের বাসিন্দা রথীকান্ত সাঁতরা তার সাহস ও সততার জন্য এই সম্মান পেয়েছেন।
গত ৯ সেপ্টেম্বর আমতা গ্রামীণ হাসপাতাল থেকে ১২ দিন বয়সের একটি সদ্যোজাত শিশু চুরি হয়ে যায়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে এক মহিলাকে শিশুটিকে নিয়ে একটি টোটোতে উঠতে দেখতে পায়। সেই ফুটেজ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়।
সাহস ও সততার দৃষ্টান্ত
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখে টোটোচালক রথীকান্ত সাঁতরা ওই মহিলাকে চিনতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান যে, ওই মহিলাকে শিশুসহ তিনিই আমতার মিল্কি চক এলাকায় পৌঁছে দিয়েছিলেন।
রথীকান্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই গ্রামে পৌঁছায় এবং শিশুসহ মহিলাকে শনাক্ত করে গ্রেফতার করে। এরপর উদ্ধার হওয়া শিশুটিকে তার প্রকৃত বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় পুলিশের পাশে দাঁড়ানো ও সাহসিকতার জন্য হাওড়া জেলা পুলিশ সুপার সুবিমল পাল রথীকান্তকে পুরস্কৃত করেছেন। টোটোচালকদের দুর্নামের এই সময়ে রথীকান্তের এই সততা ও সাহসিকতা দৃষ্টান্ত স্থাপন করল।