টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ক্যাপ্টেন সূর্যকুমারকে নিয়ে চরম উদ্বেগ! কেন ফর্মে ফিরতে পারছেন না স্কাই?

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এশিয়া কাপ জেতা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এগিয়ে থাকা সত্ত্বেও, তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট হাতে ফর্ম নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। লাগাতার ব্যর্থতার কারণে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় দল এবং তাঁর নিজের জন্যও বড় দুশ্চিন্তার কারণ।

একসময় সব ফরম্যাটে দলের প্রধান ভরসা ছিলেন পাকিস্তানের বাবর আজম। কিন্তু ফর্ম পড়ে যাওয়ায় তাঁকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। সূর্যকুমারের অবস্থাও সেই পথে এগোচ্ছে কিনা, সেই প্রশ্নই এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।

ব্যাটে রানের খরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচে সূর্যকুমার যাদব করেছেন মাত্র ৮৪ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৩৯ রান তাঁর এই সিরিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

ব্যর্থতার তালিকা: শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজেও তিনি একশো রানের গণ্ডি পেরোতে পারেননি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২, এরপর বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ২৮ রান করেছিলেন। এশিয়া কাপেও তাঁর ব্যাট চলেনি।

টিম ডেভিডের অদ্ভুত সেলিব্রেশন
বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত প্রথমে ব্যাট করে ১৬৭ রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দ্রুত শুরু করেও ১৬তম ওভারের প্রথম বলেই তিনি টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সূর্য ১০ বলে ২০ রান করেন।

সূর্যকুমারকে আউট করার পর অস্ট্রেলিয়ার টিম ডেভিড যে সেলিব্রেশনটি করেন, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডেভিড ক্যাচ নেওয়ার পরে বলটি চাটছিলেন, যা প্রথমে কেউ বুঝতে পারেনি। দৃশ্যটি মোটেও সুখকর ছিল না এবং ভক্তরাও বিভ্রান্ত ছিলেন এটা ভেবে যে, এই ধরনের সেলিব্রেশনের আসল বার্তা বা মানে কী?

ম্যাচের ফলাফল যাই হোক না কেন, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটারের এই দীর্ঘমেয়াদি ফর্মহীনতা ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।