মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা এবার হরমুজ প্রণালীতেও ছড়িয়ে পড়ল। বুধবার সন্ধ্যায় পাওয়া খবর অনুযায়ী, ‘ময়ুরী নারী’ (Mayuri Naree) নামক একটি থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে ভয়াবহ হামলা চালানো হয়েছে। জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহি থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে গুজরাতের কান্ডালা বন্দরের দিকে আসছিল। হরমুজ প্রণালী পার করার সময় আচমকাই ড্রোন বা মিসাইল আছড়ে পড়ে জাহাজটির ওপর।
প্রাথমিক রিপোর্টে জানা গেছে, বিস্ফোরণের ফলে জাহাজটির ডেকে আগুন ধরে যায়। তবে চালক ও ক্রু মেম্বাররা সুরক্ষিত আছেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ভারত মহাসাগর ও আরব সাগরে ইদানীংকালে এটি অন্যতম বড় হামলা, কারণ হরমুজ প্রণালী বিশ্বের খনিজ তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহনের প্রধান ধমনী।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই হামলার নেপথ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলির হাত থাকতে পারে, যারা লোহিত সাগরের পর এবার হরমুজ প্রণালীতেও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ভারত সরকার এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং কান্ডালা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভারতীয় নৌসেনা ইতিমধ্যেই ওই এলাকায় নজরদারি বাড়াতে তাদের যুদ্ধজাহাজ রওনা করিয়েছে।