জরুরি তহবিল কি সব খরচে শেষ করে দেওয়া ঠিক? বিপদ এড়াতে এই ভুল ভুলেও করবেন না

হঠাৎ চাকরি চলে যাওয়া বা আকস্মিক কোনো গুরুতর অসুস্থতার মতো সংকটজনক পরিস্থিতিতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই তৈরি করা হয় জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বুঝতে পারেন না যে কোন পরিস্থিতিতে এই টাকা ব্যবহার করা উচিত এবং কোন ক্ষেত্রে তা এড়িয়ে চলা দরকার।

বিশেষজ্ঞদের মতে, ফোন নষ্ট হয়ে যাওয়া, হঠাৎ বেড়াতে যাওয়ার খরচ বা সাধারণ কেনাকাটার মতো ছোটখাটো ও সাময়িক প্রয়োজনে এই সঞ্চয়ের টাকা খরচ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এই ধরনের ছোট খরচে তহবিল শেষ করে ফেললে পরবর্তীতে বড় কোনো আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে।

রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক শিক্ষা সংক্রান্ত পরামর্শ অনুযায়ী, যেকোনো ব্যক্তির সঞ্চয়ে অন্তত তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় খরচের সমপরিমাণ অর্থ আলাদা রাখা উচিত। যদি আয় বা চাকরি স্থিতিশীল না হয়, তবে এই জমানো টাকার পরিমাণ আরও বাড়িয়ে রাখা প্রয়োজন। চিকিৎসা সংক্রান্ত অপ্রত্যাশিত খরচ, পরিবারের অত্যাবশ্যকীয় ব্যয় কিংবা চাকরি হারানোর মতো কঠিন দিনগুলোতে একমাত্র এই জরুরি তহবিলই বড় ভরসা হয়ে উঠতে পারে। তাই ছোটখাটো শখ বা অপ্রয়োজনীয় খরচে এই সঞ্চয় নষ্ট না করে তা সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।