রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে জটিলতা কাটার বদলে ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করলেও, তাতে পাহাড়প্রমাণ অসঙ্গতির অভিযোগ তুলেছেন কর্মীরা। অনেক কর্মীর দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, তা প্রাপ্যর তুলনায় অনেক কম।
এরই মাঝে বাজেট ঘোষণায় থাকা অতিরিক্ত ৪ শতাংশ ডিএ নিয়ে সরকারের ‘মৌনতা’ ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। ফেব্রুয়ারি মাসের বাজেটে এই ঘোষণা করা হলেও এপ্রিল মাস পড়ে যাওয়ায় সরকারি কর্মীরা প্রশ্ন তুলছেন—কবে মিলবে সেই টাকা? রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ছলচাতুরির’ অভিযোগ তুলে ইতিমধ্যেই কালীঘাট অভিযানের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলো।
তবে এরই মধ্যে পেনশনভোগীদের জন্য সুখবর শুনিয়েছে নবান্ন। ১ এপ্রিল প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের বকেয়া ডিএ আগামী ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। একদিকে পেনশনভোগীদের স্বস্তি দিলেও, কর্মরত কর্মীদের ক্ষোভ প্রশমন করা এখন নবান্নের কাছে বড় চ্যালেঞ্জ।





