টগর পাতা মুড়িয়ে বাঁশি, বক্সা পাহাড়ের ভাইরাল গাইড জেমস ভুটিয়ার সুরে মুগ্ধ পর্যটকেরা

পেশায় তিনি একজন গাইড, কিন্তু বাঁশি বাজানো তাঁর নেশা। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথে চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজিয়ে সুরের মূর্ছনা তৈরি করেন জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম প্রধান আকর্ষণ এখন তাঁর এই পাতার বাঁশির সুর। বাঁশের বাঁশি নয়, বরং টগর পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে তাতে সুর তোলেন তিনি।
পর্যটকদের কাছে জেমসের জনপ্রিয়তা:
কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের কাছে জেমস ভুটিয়ার এই প্রতিভা এক বাড়তি পাওনা। তাঁর বাঁশির সুর শুনে পর্যটকরা ‘ধন্য ধন্য’ করেন। জেমসের কাছে পাতাই যেন বাঁশি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় এবং রীতিমতো ভাইরাল।
পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি। বিশেষত বলিউড স্টার দেবানন্দের পুরনো সিনেমার গানের সুর তিনি বেশি বাজান। দুর্গম বক্সা পাহাড়ের পথ তাঁর এই বাঁশির সুরে কিছুটা অনুকূল ও সহজ মনে হয় পর্যটকদের। তিনি আপন মনে পাতার বাঁশি বাজিয়ে চলেন।
পাতার বাঁশির ইতিহাস:
জেমস ভুটিয়া জানান, ছোটবেলায় তাঁর বাবা তাঁকে টগর গাছের পাতা দিয়ে এভাবে গানের সুর তোলা শিখিয়েছিলেন। তারপর থেকে এভাবেই পাতায় সুর তুলে গান গেয়ে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াতেন তিনি।
তিনি আরও জানান, “প্রায় ৪০ বছর ধরে এভাবেই টগর গাছের পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে গানের সুর ধরছি। টগর গাছের পাতা মোটা হওয়ায় তার থেকে ভালো আওয়াজ বের হয়। এটা পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় হবে তা ভাবিনি। বর্তমানে পর্যটকদের দাবি মেনে বাংলা গান বাজানোরও চেষ্টা করছি।”