বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড়সড় স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম ওঠানামা করলেও ভারতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। দেশের কৌশলগত ভাণ্ডারে বর্তমানে প্রায় ৬০ দিনের পর্যাপ্ত তেল মজুত রয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকদের মতে, ভারত কেবল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল নয়; বরং আমেরিকা, রাশিয়া এবং আর্জেন্টিনার মতো বিকল্প উৎস থেকেও তেল আমদানির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা থাকলেও ভারতের অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খল (Supply Chain) অটুট থাকবে। সরকার স্পষ্ট জানিয়েছে যে, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে বড় কোনো বিঘ্ন ঘটলেও এই ৬০ দিনের মজুত ভারতকে একটি শক্তিশালী ‘সুরক্ষা বলয়’ প্রদান করবে। বর্তমানে দেশের ২২টি ইমপোর্ট টার্মিনাল দিয়ে নিয়মিত জ্বালানি আসার প্রক্রিয়া জারি রয়েছে।