বাণিজ্যিক বৈদ্যুতিক দ্বি-চক্রযান বাজারে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ওলা ইলেকট্রিক। সংস্থার এই নতুন ইলেকট্রিক স্কুটারটি বাজারে আসার জন্য সরকারি সবুজ সংকেত অর্থাৎ ‘হোমোলোগেশন’ সার্টিফিকেট পেয়েছে। ইন্ডিয়ান অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন (ARAI) থেকে সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলসের অধীনে এই ছাড়পত্র মেলায় ওলার বাণিজ্যিক বাজারে প্রবেশের পথ প্রশস্ত হলো।
ওলার এই নতুন মডেলে থাকছে ৪ কিলোওয়াট ক্ষমতার শক্তিশালী মোটর, যা সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম। জনপ্রিয় এস১ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এই গাড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ডেলিভারি এবং কমার্শিয়াল ফ্লিট অপারেশনের জন্য। খাবার বা অন্যান্য পণ্য ডেলিভারি পরিষেবায় যুক্ত সংস্থাগুলির জন্য এটি একটি গেম-চেঞ্জার হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হোমোলোগেশন হলো গাড়ি বাজারে নামানোর আগের শেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। ফলে চলতি ত্রৈমাসিকেই ওলা এই স্কুটারটি লঞ্চ করতে পারে। বর্তমানে পেট্রোলের আকাশছোঁয়া দাম এবং আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি খরচ বাড়ছে। এমতাবস্থায় ডেলিভারি রাইডার ও ফ্লিট অপারেটরদের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে ওলার এই ইলেকট্রিক স্কুটারটি দারুণ জনপ্রিয়তা পেতে পারে বলে আশা করা হচ্ছে। এই লঞ্চের মাধ্যমে দেশের দ্রুত বর্ধনশীল কমার্শিয়াল ট্রান্সপোর্ট সেক্টরে ওলা তাদের আধিপত্য বিস্তার করতে চলেছে।





