জ্বলছে টায়ার, অবরুদ্ধ জাতীয় সড়ক! ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় অগ্নিগর্ভ মালদহ

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে মালদহ জেলায় বিক্ষোভের আগুন নেভার লক্ষণ নেই। বিচারকদের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই আজ ফের জেলার একাধিক প্রান্তে পথ অবরোধে শামিল হলেন কয়েক হাজার গ্রামবাসী। ইংরেজবাজার থেকে মানিকচক— সর্বত্রই টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে রাস্তা আটকে চলে প্রতিবাদ।

মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁদের সাফ দাবি, তাঁরা এলাকার বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ষড়যন্ত্র করে তাঁদের নাম তালিকা থেকে ‘ডিলিট’ করা হয়েছে। এই বঞ্চনা তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে মানিকচক বিধানসভা কেন্দ্রেও। সেখানে মানিকচক স্ট্যান্ডে কয়েকশো মহিলা ও পুরুষ টায়ার জ্বালিয়ে আন্দোলনে শামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এক গভীর চক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ২২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবর চাউর হতেই মালদহের এই জনরোষ এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy