সংসদে ঐতিহাসিক ‘জন বিশ্বাস বিল’ পাস হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে নতুন চর্চা। গেজেট বিজ্ঞপ্তির পরই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। এই বিলের মূল লক্ষ্য হলো ‘ইজ অফ লিভিং’ বা জীবনযাত্রার মানোন্নয়ন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই পদক্ষেপকে ‘রামরাজ্য’-এর অভিমুখে এক বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
এই বিলের মাধ্যমে ৮০টি কেন্দ্রীয় আইনের সংশোধন করে প্রায় ১,০০০টি ছোটখাটো ভুলকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে আর তুচ্ছ কারণে জেল খাটতে হবে না; বরং জরিমানা বা সতর্কবার্তাতেই মিলবে রেহাই।
কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?
ড্রাইভিং লাইসেন্স: মেয়াদের ৩০ দিন পরও লাইসেন্স বৈধ থাকবে। রিনিউয়ালের তারিখ থেকেই নতুন মেয়াদ গণনা করা হবে।
জাতীয় সড়ক: সড়ক অবরোধ বা যানজট সৃষ্টির জন্য এখন আর জেল হবে না, কেবল দেওয়ানি জরিমানা দিলেই চলবে।
বিদ্যুৎ ও প্রসাধন: বিদ্যুৎ আইন বা প্রসাধন সামগ্রী উৎপাদন বিধিতে জেলের সাজা রদ করে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে।
অন্যান্য: জন্ম-মৃত্যুর তথ্য দিতে দেরি হওয়া, ভুল ফায়ার অ্যালার্ম বা গবাদি পশুর ফসলের ক্ষতির মতো ঘটনায় জেলের ঘানি টানতে হবে না।
প্রথমবার অপরাধ করলে কাউন্সেলিং বা সতর্কবার্তার সুযোগ থাকছে। প্রতি তিন বছর অন্তর জরিমানার পরিমাণ ১০% বৃদ্ধি পাবে।





