‘জেল থেকে সরকার চালানো যাবে না’, বিহারের মঞ্চ থেকে বিরোধীদের নিশানা মোদীর

আজ, শুক্রবার বিহারে গিয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “জেল থেকে সরকার চালানো যাবে না।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে গুরুত্বর অপরাধে অভিযুক্ত মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদ বাতিলের জন্য আনা নতুন বিলের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
কেন এমন মন্তব্য?
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যদি একজন ছোট সরকারি কর্মচারীকেও ৫০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা হয়, তাহলে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ একজন মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে থেকেও সরকার চালাতে পারেন। এটা কীভাবে সম্ভব?”
তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের নাম না নিয়ে বলেন যে, আগে দেখা গেছে কীভাবে জেল থেকে সরকার চালানো হয়েছে এবং ফাইলে সই করা হয়েছে। মোদী মনে করেন, যদি নেতারাই এমন হন, তাহলে দুর্নীতি বন্ধ করা অসম্ভব। তাই তার সরকার এমন একটি আইন আনতে চাইছে, যার অধীনে প্রধানমন্ত্রীও থাকবেন।
কী আছে নতুন বিলে?
বুধবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩০তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেছেন। এই বিলে বলা হয়েছে, যদি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেল হেফাজতে থাকেন, তাহলে ৩১তম দিনে তাদের পদ নিজে থেকেই বাতিল হয়ে যাবে।
তবে এই বিলটি পেশ করার পরই বিরোধী দলগুলো এর প্রতিবাদ জানায়। ফলে বিলটি সংসদে পাশ হয়নি, বরং সেটি আরও পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হয়েছে।