জেলযাত্রার আগেই মিলল রক্ষাকর্তা! নিঃস্ব রাজপাল যাদবের হাত ধরতে এগিয়ে এলেন সোনু সুদ

৯ কোটি টাকার ঋণ এবং চেক বাউন্স মামলায় যখন সব পথ বন্ধ হয়ে গিয়েছে, ঠিক তখনই বলিউডের ‘আসল হিরো’ সোনু সুদ ত্রাতা হিসেবে অবতীর্ণ হলেন রাজপাল যাদবের জীবনে। তিহার জেলে আত্মসমর্পণের ঠিক আগে রাজপালের সেই আর্তনাদ— “আমার কাছে টাকা নেই, কেউ পাশে নেই”— নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর সেই আর্তনাদ শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সোনু সুদ ঘোষণা করেছেন যে, তিনি তাঁর আগামী ছবিতে রাজপাল যাদবকে কাস্ট করছেন। শুধু তাই নয়, রাজপালের বর্তমান চরম আর্থিক সংকটের কথা মাথায় রেখে তৎক্ষণাৎ একটি ‘সাইনিং অ্যামাউন্ট’ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোনু লিখেছেন, “রাজপাল একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা। কখনও কখনও সময় নির্মম হয়ে ওঠে, কিন্তু তার মানে এই নয় যে তাঁর পাশে কেউ নেই। রাজপাল আমার ছবির অংশ হবেন।”

ইন্ডাস্ট্রির অন্যান্য প্রযোজক ও পরিচালকদের প্রতিও সোনু আহ্বান জানিয়েছেন যাতে সবাই এই কঠিন সময়ে রাজপালের পাশে দাঁড়ান। তিনি আরও যোগ করেন, “আমাদের সহকর্মী যখন ভেঙে পড়েন, তখন তাঁকে মনে করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব যে তিনি একা নন।” আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে পড়ে যখন রাজপাল যাদব নিজের সব হারানো নিয়ে ভেঙে পড়েছিলেন, তখন সোনু সুদের এই মানবিক উদ্যোগ বলিউডে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy