জুমার খুতবায় বিজেপি মার্কা ফতোয়া? ওমর-মাহবুবার তোপের মুখে কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন!

জম্মু-কাশ্মীরে জুমার খুতবা বা ধর্মীয় খুতবায় মাদকাসক্তি, আত্মহত্যা ও মানসিক চাপের মতো সামাজিক সমস্যা অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উপত্যকার রাজনীতিতে এক নতুন হাই-ভোল্টেজ ঝড়ের সৃষ্টি হয়েছে। জম্মু-কাশ্মীর ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ডঃ সৈয়দ দরখশান আন্দ্রাবির মন্তব্যের পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, পিডিপি সুপ্রিমো মাহবুবা মুফতি এবং মীরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বাধীন মুত্তাহিদা মজলিস-এ-উলেমা (MMU) তীব্র ক্ষোভ প্রকাশ করে এটিকে ধর্মীয় বিষয়ে বিজেপির হস্তক্ষেপ বলে তোপ দাগিয়েছেন।

যদিও বিতর্ক তুঙ্গে উঠতেই সমস্ত অভিযোগ খারিজ করে ডঃ দরখশান আন্দ্রাবি স্পষ্ট জানিয়েছেন যে, ওয়াকফ বোর্ড কোনো নির্দেশিকা জারি করেনি। খতিব ও ইমামরা কী খুতবা দেবেন, তা নির্ধারণের অধিকার তাঁদেরই এবং এটি ইসলামিক বিশেষজ্ঞদের একটি স্বাধীন উদ্যোগ মাত্র। তিনি বলেন, সমাজে ছড়িয়ে পড়া মাদকাসক্তি, পারিবারিক বিবাদ ও আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়ে ধর্মীয় মঞ্চ থেকে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

তবে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর “বিজেপিকে খুশি করার চেষ্টা” করার অভিযোগের জবাবে দরখশান পাল্টা সুর চড়িয়ে বলেন, “বিজেপি কোথায় হস্তক্ষেপ করল? আমি বিজেপির নেত্রী হতে পেরে গর্বিত!” অন্যদিকে মাহবুবা মুফতি ওয়াকফ বোর্ডকে রাজ্য সরকারের অধীনে আনার দাবি জানিয়ে এটিকে সমরূপতা চাপিয়ে দেওয়ার চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। ধর্মীয় স্বায়ত্তশাসন ও রাজনৈতিক টানাপোড়েনের এই ইস্যু এখন কাশ্মীরের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে।