জুবিন গার্গ রহস্যমৃত্যু, ইভেন্ট অর্গানাইজার, ম্যানেজার, পিএসও সহ ৫ অভিযুক্ত ১৪ দিনের জেল হেফাজতে!

গুয়াহাটি: জনপ্রিয় অসমীয়া সঙ্গীত শিল্পী জুবিন গার্গ-এর রহস্যমৃত্যু মামলায় বুধবার গুয়াহাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে। এই অভিযুক্তরা হলেন— শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্য

সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর পর এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি দুই অভিযুক্ত— শেখর জ্যোতি গোস্বামী (ব্যান্ডমেট) এবং অমৃতপ্রভা মহন্ত-এর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর।

আর রিমান্ড চাইবে না SIT: এদিন আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রধান এবং স্পেশাল ডিজি (CID), মুন্না প্রসাদ গুপ্ত সংবাদ সংস্থা ANI-কে জানান, “আমরা সাতজনকে গ্রেপ্তার করেছিলাম, তার মধ্যে পাঁচজনের পুলিশি হেফাজত শেষ হওয়ায় আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে। বাকি দু’জনের হেফাজত পরশু শেষ হবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমরা আর নতুন করে রিমান্ডের আবেদন করছি না। তবে যদি ভবিষ্যতে নতুন তথ্যের ভিত্তিতে রিমান্ডের প্রয়োজন হয়, তবে আমরা তার জন্য আবেদন জানাব।”

তদন্তে সিঙ্গাপুরের যোগসূত্র: ডিজি মুন্না প্রসাদ গুপ্ত তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বলেন, “ইতিমধ্যে দু’জন সাক্ষী CID অফিসে উপস্থিত থেকে তাদের বয়ান রেকর্ড করিয়েছেন। আজ আরও একজন আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে CID-তে মোট ১০ জন উপস্থিত হলেন।”

সিঙ্গাপুরের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, “গতকাল আমরা একটি যোগাযোগ পেয়েছি, যেখানে সিঙ্গাপুর ভ্রমণের জন্য আমাদের অফিসারদের নাম জানতে চাওয়া হয়েছে, যা একটি সাধারণ প্রক্রিয়া। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি…”

প্রসঙ্গত, জনপ্রিয় এই শিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। অভিযোগ ওঠে, নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়ে সাঁতার কাটার সময় তাঁর মৃত্যু হয়। তবে, জুবিন গার্গের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগের পর এই মামলাটি নতুন মোড় নেয়, যেখানে তিনি দাবি করেন— জুবিন গার্গকে সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল। SIT প্রধান এও নিশ্চিত করেছেন যে, তদন্ত শেষে পোস্ট-মর্টেম রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy