জুবিন গর্গের ইভেন্ট ম্যানেজারের বাড়িতে CID! প্যান কার্ড, সিল, বেনামি সম্পত্তির পাহাড়; কীসের ইঙ্গিত?

অসমের প্রভাবশালী ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্তের বিরুদ্ধে আর্থিক অপরাধ, জালিয়াতি এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ সামনে আসার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি (CID)। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের একাধিক অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর বাড়িতে টানা দুদিনের তল্লাশি অভিযানে একাধিক চাঞ্চল্যকর নথি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা সংস্থা।
সিআইডি সূত্রে খবর, গত বৃহস্পতি ও শুক্রবার শ্যামকানুর গুয়াহাটির বাড়িতে টানা তল্লাশি চালানো হয়। এই অভিযান থেকে একটি কোম্পানির নামে তৈরি একাধিক প্যান কার্ড, সরকারি কর্মকর্তাদের প্রায় ৩০টি স্ট্যাম্প সিল এবং বেশ কয়েকটি বেনামি সম্পত্তি সম্পর্কিত নথি বাজেয়াপ্ত হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা মনে করছেন, বাজেয়াপ্ত হওয়া এই সমস্ত নথিই জাল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন গায়ক জুবিন গর্গের ইভেন্ট পরিচালনার সঙ্গে এই জালিয়াতির কোনও যোগসূত্র আছে কি না।
তল্লাশি অভিযানের পর, সিআইডির সিনিয়র পুলিশ সুপার আসিফ আহমেদ শ্যামকানুর বিরুদ্ধে একটি বিস্তারিত এফআইআর দায়ের করেছেন। সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘অসংখ্য প্যান কার্ড এবং বিপুল সংখ্যক জাল সিলের উপস্থিতি একটি ষড়যন্ত্র এবং সংগঠিত আর্থিক অপরাধের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।’ মহন্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাঁর বিরুদ্ধে পৃথক তদন্তের আবেদনও জানানো হয়েছে এফআইআর-এ।
সিআইডি আরও জানিয়েছে, মহন্তের বাসভবন ও অফিস থেকে অসম এবং অরুণাচল প্রদেশে পিএমজিএসওয়াই (PMGSY) প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ সম্পর্কিত অসংখ্য নথিও উদ্ধার হয়েছে। এই সমস্ত নথির সত্যতা যাচাই করা হচ্ছে।
শ্যামকানু মহন্ত অসমের এক প্রভাবশালী পরিবারের সদস্য। তিনি অসম পুলিশের প্রাক্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের ছোট ভাই। ভাস্কর বর্তমানে অসম রাজ্য তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শ্যামকানু ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের’ আয়োজক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যেই অসম সরকার শ্যামকানু মহন্ত এবং তাঁর সংস্থাকে রাজ্যে অনুষ্ঠান আয়োজনে নিষিদ্ধ ঘোষণা করেছে।