জীবনেও জীবিত, সরকারি খাতায় মৃত! ভোট দিতে গিয়ে অবাক হলেন ব্যক্তি, তারপর যা ঘটল…?

আক্ষরিক অর্থেই ‘জীবন্ত লাশ’ হয়ে পড়েছেন পূর্বস্থলীর বাসিন্দা খোকন দাস। গত ৩০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসা এই ব্যক্তি জানতে পারলেন, তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্বস্থলীর স্বরডাঙ্গা এলাকার বাসিন্দা খোকন দাসের ভোটার কার্ড নম্বর TFM2554046। তিনি নিয়মিত ভোট দেন এবং তাঁর স্ত্রী ও ছেলের নামও একই তালিকায় রয়েছে। কিন্তু সম্প্রতি প্রকাশিত ২০২৪ সালের নতুন ভোটার তালিকায় দেখা যায়, তাকে মৃত দেখিয়ে ৬৪১ নম্বর স্লিপ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।
এমন বিস্ময়কর ঘটনায় হতবাক হয়ে গেছেন খোকনবাবু। তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে কালেখাতলা এক পঞ্চায়েতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমি জীবিত, অথচ আমাকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব, আমি বুঝতে পারছি না।”
কালেখাতলা এক পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে এই ঘটনাকে ‘চক্রান্ত’ বলে সন্দেহ করছেন। তিনি খোকন দাসকে নির্বাচন কমিশনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস এই ঘটনায় সরাসরি প্রশাসনকে দুষছেন। তিনি বলেন, “নির্বাচনী দফতরে শাসক দলের আশীর্বাদধন্য কিছু অপদার্থ সরকারি কর্মী আছেন, তারাই এই কাণ্ড ঘটাচ্ছে।” এই ঘটনাকে তিনি গণতন্ত্রের পরিপন্থী বলেও উল্লেখ করেন এবং জানান, বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হবে।