জিতু-স সৃজলাকে হারাতে গিয়ে নিজেই বিপদে রাজবীর! টিক টু ফিনালের লড়াইয়ে চরম নাটক

একেই বলে ‘বিগ বস’-এর খেলা! কখন কার সমীকরণ বদলে যায়, তা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। মঙ্গলবারের পর্বে সেই পুরনো প্রবাদটিই ফের একবার অক্ষরে অক্ষরে মিলে গেল। রিয়্যালিটি শোয়ের ঘরে এখন টানটান উত্তেজনা চলছে ‘টিকিট টু ফিনালে’ (Ticket to Finale) পর্বকে কেন্দ্র করে। আর এই গুরুত্বপূর্ণ টাস্ক শুরু হতেই ঘরের পুরনো বন্ধুত্বের দেয়াল আর বিশ্বাসের ভিত এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এমনিতেই বাড়ির অন্দরে জিতু ও সৃজলা একদিকে এবং বাকি সব সদস্য অন্যদিকে—এমন একটা স্পষ্ট বিভাজন রয়েছে। কিন্তু মঙ্গলবারের এপিসোডে সেই সমীকরণ সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়।
সোমবার তনুশ্রী ও রণিতা নমিনেটেড হওয়ায় এই বিশেষ পর্বে অংশ নেওয়ার সুযোগ পাননি। এরপর মঙ্গলবারের প্রথম ধাপে প্রতিযোগীদের হাতে ১০০ করে কয়েন দেওয়া হয়। সেই কয়েন ব্যবহার করে স্যুটকেসে থাকা বিভিন্ন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বেছে নিতে হয় সদস্যদের। এই পর্বে দুর্নিবার, মনামী ও সৃজলা অ্যাডভান্টেজ পেলেও জিতু ও সৌরভের কপালে জোটে ডিসঅ্যাডভান্টেজ।
এরপরই শুরু হয় মূল লড়াই। নিয়ম অনুযায়ী, রিংয়ের ভেতরে থাকা নিজেদের সদস্যদের নামের বোর্ডগুলো রক্ষা করতে হতো এবং অন্য প্রতিযোগীরা তা ভেঙে ফেলার চেষ্টা চালাতেন। খেলা শুরুর আগে দুর্নিবার, সৌরভ, নিরঞ্জন, মনামী এবং রাজবীর মিলে গোপন পরিকল্পনা করেছিলেন যে যেকোনো মূল্যে জিতু ও সৃজলাকে এই টাস্ক থেকে আউট করে দেবেন।
কিন্তু খেলা শুরু হতেই পুরো চিত্রটা বদলে যায়। রাজবীর হঠাৎ করেই বাকি সকলের বক্স ভাঙতে শুরু করেন। এমনকি নিরঞ্জনের সঙ্গে আগে করা প্রতিশ্রুতিও তিনি রাখেননি বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিকিট টু ফিনালের পরবর্তী ধাপে পৌঁছানোর লড়াইয়ে জয়ী হন জিতু, সৃজলা, মনামী ও সৌরভ। অন্যদিকে, দৌড় থেকে ছিটকে যান নিরঞ্জন, দুর্নিবার ও রাজবীর।
এই অপ্রত্যাশিত ফলাফলের পরেই ফুঁসে ওঠেন বাড়ির বাকি সদস্যরা। জিতু ও সৃজলা ছাড়া অন্য প্রতিযোগীরা একযোগে আক্রমণ করেন রাজবীরকে। তবে সহজে দমে যাওয়ার পাত্র নন রাজবীরও। তিনি পাল্টা সাফাই দিয়ে জানান, সৃজলা ও জিতুকে হারানোর পরই বাকিদের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এই নিয়ে হাউসের ভেতর চরম বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
শুরু থেকেই রাজবীরকে জিতুর পক্ষ নিতে দেখা গেলেও, তিনি যে সৃজলার জন্যেও এভাবে লড়বেন, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। আসলে ‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ফিনালের দিন যত ঘনিয়ে আসছে, ততই ঘরের ভেতরে বদলে যাচ্ছে সমীকরণ। আজ যে বন্ধু, কালই সে ঘোর শত্রু হয়ে উঠছে। এখন চূড়ান্ত লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে ঠিক কোন কোন প্রতিযোগী ‘টিকিট টু ফিনালে’র টিকিট পাকা করেন, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।