“জানতামই না এত বড় বোঝা!” ‘লাডলি বহনা’ নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিস্ফোরক মন্তব্য, মধ্যপ্রদেশে তোলপাড়!

মধ্যপ্রদেশের অন্যতম জনপ্রিয় ও চর্চিত প্রকল্প ‘লাডলি বহনা যোজনা’ (Ladli Behna Yojana) নিয়ে এবার প্রকাশ্যেই উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একটি বেসরকারি অনুষ্ঠানে সরাসরি ক্ষোভ ও আশঙ্কার সুর শোনা গেল তাঁর কণ্ঠে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রকল্পটি রাজ্য সরকারের ওপর এক অভূতপূর্ব ও বিপুল আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনকি তিনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন এই প্রকল্পের ফলে কোষাগারের ওপর যে কতটা চাপ পড়বে, সে বিষয়ে তাঁর কোনো ধারণাই ছিল না!
উল্লেখ্য, মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কার্যকালে ২০২৩ সালের জুন মাসে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি চালু করা হয়। শুরুতে যোগ্য মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো। পরবর্তীতে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয় এবং বর্তমানে (২০২৫ সালের নভেম্বর থেকে) তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি মাসে ১,৫০০ টাকায়। এমনকি বিজেপির প্রতিশ্রুতি রয়েছে যে, এই অর্থ ধীরে ধীরে বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে জ্বলন্ত আগুনে ঘি! সরব বিরোধী শিবির মুখ্যমন্ত্রী মোহন যাদবের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঢাল করে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিরোধী দল কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা উমাং সিংহার সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লেখেন, “নির্বাচনের আগে ‘লাডলি’, আর ক্ষমতায় এসেই বোঝা!” তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের সময়ে ভোট ব্যাঙ্কের জন্য নারীদের যে সম্মান দেখানোর দাবি বিজেপি করে, ক্ষমতায় এসে কি তবে সেটাই বিড়ম্বনা হয়ে দাঁড়াল?
কতটা খালি হলো সরকারি কোষাগার? সরকারি তথ্য ও পরিসংখ্যান অনু্যায়ী, ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করার পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০টি নিয়মিত কিস্তিতে মধ্যপ্রদেশ সরকারের কোষাগার থেকে সরাসরি সুবিধাপাপকদের অ্যাকাউন্টে ৬৫,৩৯৫.৯৯ কোটি টাকা পাঠানো হয়েছে।
শুধুমাত্র এটিই শেষ নয়, প্রতি বছর রক্ষা বন্ধন (রাখিবন্ধন) উপলক্ষে প্রকল্পের উপভোক্তা মহিলাদের ২৫০ টাকা করে অতিরিক্ত উপহার দেয় রাজ্য সরকার। ২০২৩ থেকে ২০২৬—পরপর চার বছর এই উৎসবের বোনাস দেওয়া হয়েছে। কেবল ২০২৬ সালের রাখিবন্ধনেই সরকারের খরচ হয়েছে ৩১৩ কোটি টাকা! আর ২০২৬ সালের একটি নির্দিষ্ট মাসের হিসাব দেখলেই বোঝা যায় চাপের বহর—নিয়মিত কিস্তি বাবদ ১,৮৩৫.৪৬ কোটি টাকা এবং রাখিবন্ধনের অতিরিক্ত ৩১২.৮৩ কোটি টাকা মিলিয়ে এক মাসেই সরকারের মোট খরচ হয়েছে প্রায় ২,১৪৮.৩০ কোটি টাকা!
সব মিলিয়ে, নারীদের আর্থিক স্বাবলম্বী করার উদ্দেশ্যে শুরু হওয়া শিবরাজ সিং চৌহানের স্বপ্নের প্রকল্প এখন মোহন যাদব সরকারের কাছে এক কঠিন চ্যালেঞ্জ ও অর্থনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।