জল থইথই শহর, পুজোর আগে কোটি টাকার লোকসানের আশঙ্কা! কবে নামবে জল?

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির পর জল কিছুটা নামলেও এখনও জনদুর্ভোগ কাটেনি কলকাতা এবং তার সংলগ্ন এলাকার। পুজোর মুখে এই পরিস্থিতিতে কার্যত মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। সাধারণত পঞ্চমীর দিন থেকেই প্যান্ডেলগুলোতে ভিড় শুরু হয়। কিন্তু শহরের বিভিন্ন এলাকায় এখনও যে পরিমাণ জল জমে আছে, তাতে পুজোর ব্যবসায় কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বুধবার সকাল পর্যন্ত চালতা বাগান, ঠনঠনিয়া, গড়িয়া, নিউ গড়িয়া, কসবা, বালিগঞ্জ ফাঁড়ি, সুকিয়া স্ট্রিট-সহ বিভিন্ন এলাকায় এখনও গোড়ালি সমান বা তারও বেশি জল জমে আছে। তবে, পুরসভার রাতভর পাম্প বসিয়ে জল নামানোর প্রচেষ্টায় মূল রাস্তাগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বাস এবং মেট্রো পরিষেবাও স্বাভাবিকভাবে চলছে।

কোন কোন এলাকায় এখনও জল জমে?
কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রাজা রামমোহন সরণি, কেশব সেন স্ট্রিট, আনন্দ পালিত রোড, বালিগঞ্জ ফাঁড়ি, ভিআইপি বাজার, টেগোর পার্ক, পাটুলি, নিউ গড়িয়া, সন্তোষপুর, তপসিয়ার ভিতরের গলি, বোসপুকুর, আমহার্স্ট স্ট্রিট, নাগেরবাজার, বউবাজার, মেটিয়াবুরুজ, সরসুনা এবং জোকা-সহ অসংখ্য এলাকায় এখনও জল জমে আছে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় এবং সংলগ্ন এলাকায় জল অনেকটা নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে।

ফের বৃষ্টির পূর্বাভাস, আসছে নিম্নচাপ
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই ভোগান্তি এখনই শেষ হচ্ছে না। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ চতুর্থীর দিন উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে শুক্র ও শনিবার, অর্থাৎ পঞ্চমী এবং ষষ্ঠীর দিন কলকাতা-সহ বাংলার উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নতুন নিম্নচাপের আশঙ্কায় পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে।