জলাজমিতে কঙ্কাল উদ্ধার! রহস্যময় সাইকেল দেখে ছেলেকে শনাক্ত করলেন বাবা, কালনায় তোলপাড়

কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ার একটি জলাজমি থেকে মানব কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকালে স্থানীয় এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথম কঙ্কালটি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি, পাঁজর-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

সাইকেলের সূত্র ধরে পরিচয় শনাক্ত!
কঙ্কাল উদ্ধারের পাশ থেকে একটি সাইকেলও পাওয়া গেছে। সেই সাইকেল দেখে মৃতদেহটির সম্ভাব্য পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই সাইকেলটি পাশের হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাবের বাসিন্দা অনিকেত রায়ের বলে দাবি করেছেন তাঁর বাবা। চলতি বছরের জুলাই মাস থেকে অনিকেত নিখোঁজ ছিলেন।

যদিও কঙ্কালটি অনিকেতেরই কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে অনিকেতের বাবা নিশ্চিত করেছেন যে সাইকেলটি তাঁর ছেলেরই। স্থানীয় পুলিশ ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

এই রহস্যময় কঙ্কাল কিভাবে ওই এলাকায় এল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এটি খুন নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ফরেনসিক পরীক্ষার পরেই এই কঙ্কালের রহস্যের জট খুলবে বলে মনে করা হচ্ছে।