জলপাইগুড়ি পুরসভার ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ! ১.৭৪ কোটি টাকা পিএফ বকেয়া রাখায় চরম পদক্ষেপ

কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ-এর টাকা জমা না দেওয়ার দায়ে বড়সড় বিপাকে পড়ল জলপাইগুড়ি পুরসভা। বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ায় পুরসভার মোট ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল জলপাইগুড়ি পিএফ দফতর। জানা গিয়েছে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে পুরকর্মীদের পিএফ-এর টাকা জমা দেওয়া হয়নি, যার ফলে জরিমানা ও সুদ মিলিয়ে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লক্ষ টাকা।

পিএফ কমিশনার পবন কুমার বনসাল জানিয়েছেন, নিয়ম অনুযায়ী বেতন থেকে টাকা কাটার ১৫ দিনের মধ্যে তা জমা করতে হয়। জলপাইগুড়ি পুরসভা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তা না করায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে পুরসভার স্বাভাবিক আর্থিক লেনদেন ও উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পুরসভার বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় অবশ্য পুরো দায় নিতে নারাজ। তিনি জানান, “২০১১ সাল থেকে এই সমস্যা চলে আসছে। আমি দায়িত্ব নেওয়ার পর ৫৩ লক্ষ টাকা জমা করেছি। তবে পুরনো বকেয়া ও পেনাল্টির কারণেই এই জটিলতা তৈরি হয়েছে।” বর্তমানে কিস্তির মাধ্যমে বা আলোচনার ভিত্তিতে অ্যাকাউন্টগুলি পুনরায় সচল করার চেষ্টা চলছে। অন্যদিকে, দীর্ঘদিনের অবসরপ্রাপ্ত কর্মীরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy