জয়সলমের বাস অগ্নিকাণ্ডের শিকার হওয়া এক মৃতের পরিবারের সদস্য ডিএনএ নমুনা সংগ্রহের জন্য যোধপুর হাসপাতালে এসে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) সকালে যখন ডিএনএ স্যাম্পলিং শুরু হওয়ার কথা, তখন কর্মীরা পরিবারকে জানান যে ডাক্তাররা সকাল ১১টার আগে আসবেন না।
পোড়া দেহগুলি শনাক্ত করার জন্য যখন শোকগ্রস্ত পরিবারগুলি জরুরিভাবে নমুনা দিতে চাইছিলেন, ঠিক তখনই এই দেরির খবরে এক মৃত যাত্রীর পরিবারের সদস্য কান্নায় ভেঙে পড়েন এবং রাজস্থান সরকার ও প্রশাসনকে তাঁর এই অবস্থার জন্য দায়ী করেন।
হাসপাতালে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, “ডাক্তাররা ১১টায় কেন আসবেন?… যদি রাত ২টায় আদালত খুলতে বাধ্য হয়, তবে ডাক্তাররা তাড়াতাড়ি কেন আসতে পারবেন না?”
তিনি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে সরাসরি প্রশ্ন তোলেন, “যোধপুরে কি ডাক্তারের অভাব রয়েছে? পরিবারগুলো চরম কষ্টের মধ্যে আছে—কেউ কি বুঝতে পারছে তারা কীসের মধ্যে দিয়ে যাচ্ছে? প্রতিটি বাড়িতে গিয়ে দেখুন তারা কী যন্ত্রণার মুখোমুখি। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন কেন ডিএনএ টেস্ট সকাল ৬টার পরিবর্তে ১১টায় নির্ধারিত হয়েছে।”
পরিবারের ওই সদস্য আরও অভিযোগ করেন যে, যে বাসে আগুন লেগে ২০ জন যাত্রী মারা গিয়েছেন, সেটি সম্ভবত ‘মডিফাই’ (সংস্কার) করা হয়েছিল। তিনি রাজস্থান ট্রাফিক বিভাগকে অভিযুক্ত করে বলেন, “যদি বাসটি মডিফাই করা হয়ে থাকে, তবে কর্মকর্তারা কেন সেই বাসকে যাত্রী পরিবহনের জন্য ‘OK’ অনুমতি দিয়েছিলেন?”
জানা গেছে, ঘটনার মাত্র এক সপ্তাহ আগে বেসরকারি ওই বাসটিকে নন-এসি থেকে এসি-তে রূপান্তরিত করা হয়েছিল। থাইয়াত গ্রামের কাছে বাসটিতে আগুন লাগে, যাতে ২০ জন (তিনটি শিশু সহ) মারা যান। প্রাথমিক তদন্তে জানা যায়, নতুন বসানো এয়ার-কন্ডিশনিং সিস্টেমে শর্ট সার্কিটের ফলে গ্যাস লিক হয়, যা বাসের সামনের অংশে দ্রুত আগুন ধরিয়ে দেয় এবং জরুরি নির্গমনের পথগুলি বন্ধ করে দেওয়ায় যাত্রীদের পালানোর উপায় ছিল না।
বাস থেকে ১৯টি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল, এবং পরে আহত ১৬ জনের মধ্যে ৭৫ বছর বয়সী হুসেন খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ফলে মৃতের সংখ্যা ২০-এ পৌঁছায়।