উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় এক ভয়ংকর হত্যাকাণ্ডের সাক্ষী থাকল এলাকা। মাত্র কয়েক বিঘা জমির লোভে নিজের জন্মদাতা পিতা, মা, দিদি এবং বৃদ্ধা ঠাকুমাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ছোট ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমরেন্দ্র। দীর্ঘ দিন ধরেই বাবার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাড়িতে অশান্তি করছিল সে। কিন্তু বাবা রাজি না হওয়ায় চরম পথ বেছে নেয় সে।
ঘটনার রাতে বাড়ির সকলে যখন ঘুমাচ্ছিলেন, তখন ধারালো কুড়ুল দিয়ে একের পর এক সদস্যের ওপর ঝাঁপিয়ে পড়ে অমরেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা, মা এবং ঠাকুমার। আর্তনাদ শুনে দিদি বাঁচাতে এলে তাঁকেও নির্মমভাবে কুপিয়ে খুন করে সে। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে চারজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ অভিযুক্ত অমরেন্দ্রকে গ্রেফতার করেছে। এই নৃশংস ঘটনায় গোটা গ্রাম স্তব্ধ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কোনো অনুশোচনা নেই, সে কেবল সম্পত্তির অধিকার চেয়েই এই কাজ করেছে বলে প্রাথমিক জেরায় স্বীকার করেছে।