জট কাটল এসআইআর-এর, ১৬ মার্চ ভোটের ঘোষণা? বঙ্গে কি এবার মাত্র ২ দফায় নির্বাচন?

অবশেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের ফলে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া সমস্ত আইনি বাধা কেটে গেছে।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে পারে ভোটগ্রহণের ধাপ সংখ্যা। অতীতে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হলেও, এবার কমিশনের অন্দরে দুই দফায় নির্বাচন সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে। নির্বাচন কমিশনের মতে, ধাপ সংখ্যা কম হলে দুষ্কৃতীদের এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে অশান্তি পাকানোর সুযোগ অনেকটাই কমে যাবে। তৃণমূল কংগ্রেস ছাড়া রাজ্যের অধিকাংশ বিরোধী দল, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক কর্তারাও এক বা দুই দফায় ভোটের পক্ষেই সওয়াল করেছেন।

সূত্রের খবর, ১৬ মার্চ দিনক্ষণ ঘোষণা হলে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহেই শুরু হতে পারে প্রথম দফার ভোট। এসআইআর সংক্রান্ত প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে ১০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আর কোনো বাধা নেই। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসতে পারেন নির্বাচন দপ্তরের আধিকারিকরা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যার ওপর ভিত্তি করেই তৈরি হবে বাংলার আগামী সরকারের ভাগ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy