জঙ্গি মডিউল খুঁজতে মরিয়া এনআইএ, ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে ২১টি জায়গায় একযোগে তল্লাশি

দেশ জুড়ে জঙ্গি কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। আইএসআইএস এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একটি ষড়যন্ত্র মামলার তদন্তে নেমে এনআইএ মঙ্গলবার পাঁচটি রাজ্য ও জম্মু-কাশ্মীরের মোট ২১টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে।
কোথায় কোথায় অভিযান?
এনআইএ-র এই অভিযান বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুতে চালানো হয়। একই সঙ্গে, জম্মু-কাশ্মীরের বারামুল্লা, কুলগাম, অনন্তনাগ এবং পুলওয়ামা জেলায় ব্যাপক তল্লাশি চালানো হয়, যেখানে ৯টি জায়গায় এই অভিযান হয়েছে।
এনআইএ আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশির সময়ে বেশ কিছু ডিজিটাল ডিভাইস, যেমন মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যা থেকে এই জঙ্গি মডিউল সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
মামলার সূত্রপাত
এই মামলাটি মূলত তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার কায়ার পুলিশ শুরু করেছিল। পরে এর গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তের ভার এনআইএ-কে দেয়। মামলার কেন্দ্রে রয়েছেন আখলাথুর ওরফে মোহাম্মদ আখলাক মুজাহিদ, যিনি সামাজিক মাধ্যমে আইএসআইএস-এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতে যুবকদের জিহাদের জন্য উসকাচ্ছিলেন বলে অভিযোগ। এনআইএ মনে করছে, এই নেটওয়ার্কটি দেশের ভেতরে অশান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করছিল।