২০২৬-এর বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড়সড় রদবদল বঙ্গ কংগ্রেসে। বুধবার দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে বেণুগোপাল এক বিবৃতিতে দক্ষিণবঙ্গের চার জেলার সাতটি আসনে প্রার্থী বদলের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে উত্তর ২৪ পরগনার হাবড়া আসনেও প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। ২০ বছর পর এবার রাজ্যের সব কটি আসনেই একক শক্তিতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির।
নদিয়ার নাকাশিপাড়া ও চাপড়া, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এবং বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশগ্রাম—এই সাতটি গুরুত্বপূর্ণ আসনে পুরনো নাম বাতিল করে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। তবে বালিগঞ্জ বা শ্যামপুরের মতো আসনগুলোতে দলীয় কর্মীদের বিক্ষোভ ও মারপিট সত্ত্বেও প্রার্থী অপরিবর্তিত রাখা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, নদিয়ার চাপড়ায় রহিদুল মণ্ডলের জায়গায় আসিফ খান এবং মিনাখাঁয় বর্ণালী নস্করের পরিবর্তে সুনয়না বিশ্বাসকে টিকিট দেওয়া হয়েছে। বর্ধমানের তিনটি আসনেই নতুন মুখ বেছে নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আগামী ২৯ এপ্রিল এই আসনগুলোতে ভোটগ্রহণ। মনোনয়ণ পর্ব চলাকালীন এই আচমকা বদল ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





